
এম এম এ রেজা পহেল ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার দুই গ্রামের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা-মোকদ্দমা চলছে। এ নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আমজোড়া ও জলুসা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাওর এলাকায় গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৩৪ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এর আগেও তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। পূর্ববিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্গম এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন