হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, ককটেল হামলা, অস্থিতিশীলতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিএনপির তিনটি পৃথক গ্রুপের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে কালীগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেতাকর্মীরা তিনটি পৃথক বলয়ে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেন। কাজী আলাউদ্দিন, ডা. শহিদুল আলম ও ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের অনুসারীরা পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বিগত দিনে দলটির মধ্যে প্রকাশ্যে দুটি পক্ষের বিভক্তি থাকলেও জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক বিরোধ এবং বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা ও গুঞ্জনের পর বিভক্তি আরও স্পষ্ট হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা বিএনপির সহসভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ নুরুজ্জামান। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক হাসানুর রহমান, আব্দুল লতিফ, সাইলুর রহমান, মাহমুদ মোস্তফা, ফজলুর রহমান আকাশ, রফিকুল ইসলাম, জুলফিকার সাপুই, নুরুজ্জামান পাড়, সোহেল রানাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।
একই দিন সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপির পৃথক ব্যানারে আরেকটি বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়া পরিষদের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল সভাপতি শেখ মনিরুজ্জামান, আফসার আলী গাজী, আবুল কালাম গাজী, জাকির হোসেন, আরিফুর রহমান, মুর্শিদ আলী গাজী, শাহীন কবির, শফিকুল ইসলাম টোকন, কাজী শরিফুল, আলমগীর হোসেন ও মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
অন্যদিকে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সর্বোচ্চ ভোট পেয়েও পরাজিত হওয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডা. শহিদুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে—এমন গুঞ্জনের মধ্যে তাঁর অনুসারীরাও পৃথক কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির ব্যানারে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দেশবিরোধী কার্যক্রম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে গিয়ে শেষ হয়।
এ সমাবেশে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আবু সাঈদ সোহেল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুস সেলিম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক খায়রুল আলম, বিএনপি নেতা আব্দুল গফুর ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনসহ অনেকে।
এদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির তিনটি পৃথক গ্রুপের এমন কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী দিনে উপজেলা বিএনপির নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে নানা আলোচনা চলছে।
সচেতন মহলের একাংশের ধারণা, বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে উপজেলা বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলটির অভ্যন্তরীণ এই বিভক্তির প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন