রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ঐতিহ্যবাহী পশুর হাট।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে,আজ শুক্রবার দূর-দূরান্ত থেকে ছাগল ও গুরু নিয়ে হাটে আসেন খামারিরা ও ব্যবসায়ীরা।
এবং বিভিন্ন জায়গায় থেকে বিক্রেতা এবং ক্রেতারাও হাটে আসেন।
তাহেরপুর কলেজ মাঠজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় বিভিন্ন আকারের গরু ও ছাগল। হাটজুড়ে ছিল কোরবানির পশুর হাঁকডাক, দরদাম আর মানুষের ব্যস্ত উপস্থিতি। ছোট, মাঝারি ও বড় আকারের পশুর পাশাপাশি দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
হাটে আসা অনেক ক্রেতা জানান, কোরবানির জন্য ভালো ও স্বাস্থ্যসম্মত পশু কিনতেই তারা এই ঐতিহ্যবাহী তাহেরপুর হাটে এসেছেন। অন্যদিকে বিক্রেতারাও ভালো দামের আশায় সকাল থেকেই পশু নিয়ে অবস্থান নেন মাঠজুড়ে।
হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও পশু পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে বেচাকেনা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতা-বিক্রেতারা।
স্থানীয়দের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে, তাহেরপুর কলেজ মাঠে বসা এই ঐতিহ্যবাহী পশুর হাটে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি আরও বাড়বে এবং জমে উঠবে কোরবানির পশুর কেনাবেচাও।
মন্তব্য করুন