দিরাই প্রতিনিধি: হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল, শুকনো খাবার, কম্বল ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে সরকারি পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের বসতঘর পুনর্নির্মাণে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢেউটিনের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির ফারুক সর্দারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে আরও সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
মন্তব্য করুন