জেলা প্রতিনিধি জামালপুর : প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবর্তন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মো. সজিবুল হাসানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘ভালো শিক্ষক তৈরি করেন ভালো মানুষ, আর ভালো মানুষ গড়ে তোলেন আলোকিত সমাজ।’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। একজন আদর্শ শিক্ষক তাঁর জ্ঞান, দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি প্রজন্মকে আলোকিত করতে পারেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সজিবুল হাসানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র শিক্ষক সমাজের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সজিবুল হাসানের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের সাফল্য অন্য শিক্ষকদেরও পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলাইমান কবির, চতলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম শান্ত, কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপা রানী ঘোষ ও হারুন অর রশীদ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান অত্যন্ত জরুরি। এ ধরনের সম্মাননা শিক্ষকদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন