সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঈদের জামাত শেষে রাত পর্যন্ত ৫ নং বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
এক শুভেচ্ছা বার্তায় আব্দুল হেকিম বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক—এই কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।”
তিনি আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো। বিশেষ করে জন্ম নিবন্ধন সংক্রান্ত ভোগান্তি দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
আব্দুল হেকিম বলেন, “আমি জনগণের প্রতিনিধি নয়, জনগণের সেবক হতে চাই। মাঠ পর্যায়ে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের চাওয়া-পাওয়া ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি। মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, সুশাসিত ও উন্নত বাদাঘাট ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে আব্দুল হেকিমের ব্যাপক পরিচিতি রয়েছে। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাদাঘাট ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আব্দুল হেকিমের নামও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়নের প্রত্যয় তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে।
মন্তব্য করুন