সুনামগঞ্জ দিরাই প্রতিনিধি: হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর নজরদারি ও সরেজমিন তদারকি জোরদার করা হয়েছে। প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই-বাছাইয়ের পরই ঠিকাদারদের বিল পরিশোধ করা হচ্ছে। কোথাও কোথাও বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করেও জনস্বার্থে উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে জগদল ও চণ্ডীপুর এলাকার দুটি প্রকল্প উল্লেখযোগ্য।
দিরাই পৌরসভার হারানপুর এলাকার বাসিন্দা শিপু বলেন, পৌর এলাকায় এবার উন্নয়নকাজের মান ভালো হচ্ছে। কাজের ক্ষেত্রে অনিয়ম বা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সংসদ সদস্য নিজেই প্রকল্পগুলোর খোঁজখবর নিচ্ছেন। কাজ যথাযথভাবে সম্পন্ন না হলে বিল আটকে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ সন্তুষ্ট।
সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ব্যক্তিগত সচিব রুদ্র মিজান বলেন, এলাকার উন্নয়নে বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদ সদস্য আন্তরিক। জনগণের অর্থের অপচয় কিংবা কোনো ধরনের অনিয়ম তিনি বরদাস্ত করবেন না। এ লক্ষ্যেই নিয়মিত উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। কাজের গুণগত মান ও বাস্তব অগ্রগতি যাচাইয়ের পরই বিল পরিশোধ করা হচ্ছে। কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু সাইদ বলেন, চলতি অর্থবছরে বেশ কিছু প্রকল্পের কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। তবে নিচু এলাকা ও প্রতিকূল পরিস্থিতির কারণে কয়েকটি প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলো কাজের উপযোগী হলে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে দ্রুত কাজ শেষ করা হবে। প্রকল্পের কাজ সরেজমিনে যাচাই এবং যথাযথভাবে বুঝে নেওয়ার পরই চূড়ান্ত বিল পরিশোধ করা হচ্ছে।
মন্তব্য করুন