সুনামগঞ্জ দিরাই প্রতিনিধি: হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হলিমপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মাটিয়াপুর গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই তরুণীকে নিয়ে যুবক বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জেরে বুধবার দুপুরে হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহত ব্যক্তিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে-মেয়ের প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন