স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম শফিক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো. সাইফুল ইসলামের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ, যুবক ও প্রবীণরা দলে দলে বৈঠকে যোগ দেন। একপর্যায়ে উপস্থিত মানুষের ভিড়ে মাঠটি মুখর হয়ে ওঠে।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ডের প্রবীণ মুরব্বি মো. লেবু মিয়া। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট যুব সংগঠক মো. এরশাদ মিয়া।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেম্বার পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম। বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত সবার প্রতি সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার মায়ের পেটের কোনো ভাই নেই। আমি দুনিয়াতে বড় একা। ছোটবেলা থেকে একাই লড়াই করে আজ এতদূর এসেছি। আজ এই মহিষখলার মাঠে দাঁড়িয়ে বলতে চাই, আমার আপন ভাই না থাকলেও আপনারাই আমার সব। আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস।”
তিনি আরও বলেন, “আমি মেম্বার হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমাকে মেম্বার বলতে হবে না, সেবক বলে ডাকলেই হবে। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
তাঁর এমন আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় কয়েকজন প্রবীণ মুরব্বি তাঁকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেন এবং তাঁর সফলতা কামনা করেন।
বক্তব্যে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে সাইফুল ইসলাম বলেন, নির্বাচিত হলে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে বণ্টনে অগ্রাধিকার দেবেন।
তিনি আরও অঙ্গীকার করেন, কোনো ধরনের দলীয়করণ বা স্বজনপ্রীতি নয়; বরং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবেন।
বৈঠকে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন। একজন সমাজসেবী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল, এলাকার উন্নয়ন এবং প্রার্থী সাইফুল ইসলামের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন