ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে এক অজ্ঞাতপরিচয় শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের ওপরের অংশে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত অপর শিশুটির বয়স ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনের ওপরের অংশে আগুন লাগার পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে অনেকে একসঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হলে কয়েকজন পড়ে যান। পরে তাদের ওপর অন্যরা পড়ে গেলে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১০টি অগ্নিনির্বাপণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে অতিরিক্ত ইউনিটগুলো ঘটনাস্থল থেকে ফিরে গেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রস্তুতির জন্য চারটি ইউনিট সেখানে রাখা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা মেশিনের সঙ্গে সংযুক্ত বোর্ডে অতিরিক্ত উত্তাপ ও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, আগুনের তীব্রতা খুব বেশি না হলেও কন্ট্রোল রুম থেকে প্রচুর ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের চিকিৎসা ওয়ার্ডগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগে কোনো ধরনের অভ্যন্তরীণ ত্রুটি ছিল কি না এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কী, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
অগ্নিকাণ্ডের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ছয়জনের মৃত্যুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন