মোক্তার হোসেন গোলাপ, হাওরাঞ্চল
প্রতিবন্ধী পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আয়োজনে সামাজিক ব্যবসাভিত্তিক ছাগল পালন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১৮টি গ্রামের ২৪টি অতিদরিদ্র প্রতিবন্ধী পরিবারের মধ্যে বিনামূল্যে দুটি করে মোট ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রকল্পের বিশেষ শর্ত অনুযায়ী, কোনো প্রতিবন্ধী শিশু শিক্ষার বাইরে থাকতে পারবে না।
শনিবার (২১ নভেম্বর) বাজিতপুরের বিলপাড়-ডুয়াইগাঁওয়ে অবস্থিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিক নাসরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাজিতপুরের ভেটেরিনারি সার্জন ডা. সুদীপ্ত নাগ হিমেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) নূরে হায়াত আফসানা।
মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান ভূঁইয়া বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী পরিবারগুলোর স্বকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উপকারভোগী পরিবারের অভিভাবকদের তাঁদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালায় নিয়মিত পাঠানোর আহ্বান জানান। প্রকল্পের আওতায় এক বছর পর্যন্ত ছাগলের সব ধরনের চিকিৎসা, ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত ব্যয় ফাউন্ডেশন বহন করবে বলেও জানান তিনি।
প্রধান অতিথি খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা সমাজের সম্মিলিত দায়িত্ব। ছাগল বিতরণের মাধ্যমে পরিবারগুলোর আয়বর্ধনের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শুধু আর্থিক সহায়তা পেলেই হবে না, শিশুদের শিক্ষা ও পরিচর্যার বিষয়েও অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জীবিকা ও শিক্ষাকে একই প্রকল্পের সঙ্গে যুক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ। এ সময় তিনি মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার অবকাঠামোগত সংকট বিবেচনায় নিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।
সভাপতি নাসরুল আনোয়ার বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের পাশাপাশি তাদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ছাগল পালন প্রকল্পটি পরিবারগুলোর স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীর সংখ্যা এবং শ্রেণিকক্ষের তীব্র সংকট তুলে ধরে দুটি শ্রেণিকক্ষ নির্মাণে জেলা পরিষদ প্রশাসকের আর্থিক সহায়তার ঘোষণাকে স্বাগত জানান। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধান অতিথির কাছে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদানের জোরালো সুপারিশ করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৫৬ জন প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে। তাদের প্রায় ৭৮ শতাংশই দরিদ্র পরিবারের সন্তান। ১৮ জন শিক্ষক-কর্মী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জেলা পর্যায়ে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।
তিনি আরও জানান, বর্তমানে শ্রেণিকক্ষের সংকট নিরসনে দুটি শ্রেণিকক্ষবিশিষ্ট একটি আধা-পাকা স্থাপনা নির্মাণ জরুরি। এ বিষয়ে তিনি প্রধান অতিথির কাছে আনুষ্ঠানিক আবেদনপত্র হস্তান্তর করেন।
মন্তব্য করুন