শংকর ঋষি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী (৭৮) আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ১৯ মিনিটে মৌলভীবাজারে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাখাল চক্রবর্তী বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত নিয়মিত সংগীতশিল্পী ছিলেন। ভাওয়াইয়া সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। দীর্ঘদিন রংপুরে অবস্থান করে উত্তরবঙ্গের সংগীত পরিবেশনায় ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
সংগীতশিল্পীর পাশাপাশি সুরকার ও গীতিকার হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি ছিল। তিনি ছিলেন প্রখ্যাত প্রয়াত সংগীতশিল্পী রাসবিহারী চক্রবর্তীর সন্তান। সংগীতের আবহে বেড়ে ওঠা রাখাল চক্রবর্তীর জীবনের দীর্ঘ সময় কেটেছে সুরের সাধনা ও সংগীতচর্চায়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একজন গুণী, সৃজনশীল ও নিবেদিতপ্রাণ শিল্পীর প্রয়াণে সংগীতজগৎ হারাল এক মূল্যবান সম্পদ। ভাওয়াইয়া সংগীতে তাঁর অবদান, সুরের মূর্ছনা এবং সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে যে ভালোবাসা ও শ্রদ্ধার স্থান করে নিয়েছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর সুর, গান ও শিল্পীসত্তা বেঁচে থাকবে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে। গুণী এই শিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মন্তব্য করুন