
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে কামরাবন্দ ড্রিমল্যান্ড ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুধুমাত্র সন্ধ্যায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে গণকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সারোয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সুনামগঞ্জ মোটরসাইকেল শ্রমিক বহুমুখী সমিতির বারবার নির্বাচিত সভাপতি শ্রমিক নেতা আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলেম ও তাহিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুরু উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।
বক্তব্যে মোহাম্মদ নুরু উদ্দিন বলেন, ফুটবল পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা। খেলাধুলার মাধ্যমে মানুষ হিংসা-বিদ্বেষ ভুলে আনন্দে মেতে ওঠে। বর্তমান সময়ে তরুণদের একটি অংশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। তাহিরপুরের যেখানেই খেলাধুলার আয়োজন হয়, তিনি সেখানে উপস্থিত থাকার এবং খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করেন। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখার মাধ্যমে মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব। তিনি কামরাবন্দের যুবসমাজকে আশ্বস্ত করে বলেন, খেলাধুলার যেকোনো আয়োজনে তাঁকে পাশে পেলে সহযোগিতা ও উৎসাহ-উদ্দীপনা অব্যাহত থাকবে। পরে তিনি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে।
অনুষ্ঠানে কামরাবন্দ ড্রিমল্যান্ড ক্লাবের আয়োজকবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন