তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামে অবস্থিত আইডিয়াল ভিশন কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সাতজনই উত্তীর্ণ হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আইডিয়াল ভিশন কলেজের এ সাফল্যের খবর জানা যায়। শতভাগ পাসের ফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা যায়, জালালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম মোঃ ফজলুল হকের উদ্যোগে প্রথমে আইডিয়াল ভিশন একাডেমি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৩ সালে আইডিয়াল ভিশন কলেজ যাত্রা শুরু করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তাঁদের প্রতিষ্ঠান থেকে মোট সাতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ফলাফলে সাতজনই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি আরও বলেন, এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা রয়েছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থী, কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে আইডিয়াল ভিশন কলেজের এ সাফল্য ইতিবাচক ভূমিকা রাখবে। প্রতিষ্ঠাতা মরহুম মোঃ ফজলুল হকের শিক্ষাবিস্তারের উদ্যোগ ও স্বপ্নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ভালো ফলাফলের মাধ্যমে এলাকার শিক্ষাক্ষেত্রে অবদান রাখবে বলে প্রত্যাশা তাঁদের।
মন্তব্য করুন