বাসস্ট্যান্ডের মসজিদ গলিতে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১১ মে (বৃহস্পতিবার) বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকার মসজিদ গলিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
আদালত সূত্র জানায়, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এর ধারা-৪ অনুযায়ী বৈধ লাইসেন্স না থাকায় সতর্কীকরণের অংশ হিসেবে একজন খাদ্য বিক্রেতাকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান উপস্থিত থেকে কারিগরি ও আইনি সহায়তা প্রদান করেন।
ভেড়ামারা থানা পুলিশের একটি দল এবং প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে মানসম্মত পশুখাদ্য নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন ব্যবসা বন্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন