কুষ্টিয়ার ভেড়ামারায় জাটকা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৪ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টায় উপজেলার কলেজ বাজার মাছের আড়তে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ও জরিমানা
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কলেজ বাজার আড়তে অবৈধভাবে জাটকা বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে দুটি মাছের আড়ত থেকে হাতেনাতে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরবর্তীতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০ (পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৫ এতিমখানায় জাটকা বিতরণ
অভিযান শেষে জব্দকৃত ৬৪ কেজি জাটকা ইলিশ স্থানীয় ৫টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো:
পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং
মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা
জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা
দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা
হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং
”জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। জনস্বার্থে এবং জাতীয় স্বার্থে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
— ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, এই যৌথ অভিযানে ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মন্তব্য করুন