মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটাটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বাংলাদেশ পুলিশ, এসআরবি-১৪ এবং ফায়ার সার্ভিস, মধুপুরের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত আইন বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন