ঢাকা-ময়মনসিংহ রুটে ডাবল রেললাইন নির্মাণের জোর দাবি জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের জনগণ। প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব মাত্র ১২৪ কিলোমিটার হলেও সিঙ্গেল রেললাইনের কারণে এই পথ অতিক্রম করতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা, কখনো তারও বেশি। আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে এ পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন যাত্রী ও স্থানীয়রা।
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার মানুষের প্রধান যোগাযোগ ও পণ্য পরিবহনের মাধ্যম এই রেলপথ। কিন্তু সিঙ্গেল লাইনের কারণে ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হয়, ফলে নির্ধারিত সময়সূচি প্রায়ই ভেঙে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, একটি ট্রেনকে সাইড দিতে গিয়ে অন্য ট্রেনকে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের জন্য এটি আরও কষ্টকর হয়ে উঠেছে।
অর্থনৈতিক দিকেও এর প্রভাব পড়ছে। কৃষিপণ্য, সার, ধান, মাছ ও সবজি দ্রুত রাজধানীতে পৌঁছাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগের অর্থনীতি। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, ডাবল রেললাইন হলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় পরিবর্তন আসবে।
ভুক্তভোগী যাত্রীরা বলেন, “আমরা আর আশ্বাস চাই না, এবার দৃশ্যমান কাজ চাই। দেশের অন্যান্য অঞ্চলে রেল যোগাযোগে উন্নয়ন হলেও ময়মনসিংহ বিভাগ কেন পিছিয়ে থাকবে?”
এলাকাবাসীর পক্ষ থেকে রেলমন্ত্রী বরাবর আহ্বান জানানো হয়েছে, দ্রুত ‘ঢাকা–ময়মনসিংহ ডাবল রেললাইন’ প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
মন্তব্য করুন