তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে বাদাঘাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুযায়ী পাইপলাইনের নিচে ও ওপরে ছয় ইঞ্চি করে বালু দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। কাজের প্রায় ৬০ শতাংশ শেষ হলেও কোথাও বালু ব্যবহার করতে দেখা যায়নি। এতে পাইপলাইনের স্থায়িত্ব ও নিরাপদ পানি সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পাইপলাইন স্থাপনের কাজে অনিয়মের বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে তিনি সরেজমিনে কাজ পরিদর্শন করে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। কিন্তু এরপরও আগের পদ্ধতিতে কাজ চলমান রয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজের মান বজায় রাখার দাবি জানান তিনি।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আমির শাহ বলেন, পাইপলাইনের নিচে ও ওপরে নির্ধারিত পরিমাণ বালু দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা তা অনুসরণ করছেন না। ইতোমধ্যে যেসব পাইপ স্থাপন করা হয়েছে, সেগুলো তুলে নির্ধারিত প্রাক্কলন ও শিডিউল অনুযায়ী বালু দিয়ে পুনরায় স্থাপনের দাবি জানান তিনি।
বণিক সমিতির অর্থবিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান বলেন, বাদাঘাট, কামরাবন্দ ও মল্লিকপুরসহ আশপাশের এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। পাইপের নিচে ও ওপরে বালু না দিলে পাইপে কোনো ধরনের লিকেজ সৃষ্টি হলে মাটি ও জীবাণু প্রবেশের আশঙ্কা থাকতে পারে। তাই জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ যথাযথ নিয়মে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর তদারকি প্রয়োজন। একই সঙ্গে কাজের গুণগত মান যাচাই এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, অর্থবিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, শ্রমিক নেতা মো. আজিজুল রহমান, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আমির শাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডা. হাবিবুর রহমান, জেলা যুবদল নেতা এম এম মাহবুবুর মুল্লিক, কামরাবন্দ গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রকল্পের কাজ নিরপেক্ষভাবে তদন্ত, নির্ধারিত শিডিউল অনুযায়ী পাইপলাইন স্থাপন এবং ইতোমধ্যে সম্পন্ন হওয়া কাজের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন