তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাতারগাঁও নামক হোসনার ঘাটে চলাচলের ক্ষেত্রে সব ধরনের ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উন্মুক্ত ঘোষণার পর কেউ টোল আদায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও রিপামনি দেবী।
ফেসবুক পোস্টে তিনি জানান, পাতারগাঁও নামক হোসনার ঘাটে চলাচলের ক্ষেত্রে এখন থেকে সব ধরনের ঘাট ও চাটাই উন্মুক্ত থাকবে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।
ইউএনও আরও উল্লেখ করেন, উন্মুক্ত ঘোষণার পর কেউ ঘাট বা চাটাই থেকে টোল আদায় করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণকে টোল দাবি করা হলে তা প্রদান না করার এবং সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান তিনি।
এদিকে, বাদাঘাট থেকে তাহিরপুর সদর যাওয়ার পথে পাতারগাঁও খেয়াঘাটে পারাপারের নামে টাকা আদায় নিয়ে আগে থেকেই বিতর্ক ও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি শুকিয়ে যাওয়ার পরও ঘাটে টাকা আদায় করা হচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরিদর্শন করে ঘাটটি উন্মুক্ত ঘোষণা করেন এবং টাকা আদায় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
তবে প্রশাসনের নির্দেশনার পরও ঘাটে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রশাসনের এ ঘোষণার ফলে পাতারগাঁও ঘাট দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ পারাপারের নামে টোল আদায়ের ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন ঘোষণাটি বাস্তবায়নে কার্যকর নজরদারি বজায় রাখবে এবং কেউ নির্দেশনা অমান্য করে টাকা আদায় করলে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন