দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপকমিটির কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) শ্রমিক কল্যাণ উপকমিটির সম্পাদক মো. রাসেল পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী থানায় গিয়ে শেষ হয়।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গৌরীপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল লতিফ বাবু (৫০) ও তাঁর ৪-৫ জন সহযোগীর বিরুদ্ধে অফিস ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ৩১ অক্টোবর রাতে পূর্ব গৌরীপাড়া গ্রামের মেরিনা ফিলিং স্টেশনের সামনে প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির সাব-অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এতে সংগঠনের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
এ ঘটনায় জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষে ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপকমিটির রেজিস্ট্রেশন নম্বর ২৪৫-এর সম্পাদক মো. রাসেল পারভেজ অভিযুক্ত আব্দুল লতিফ বাবু ও তাঁর ৪-৫ জন সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শ্রমিক কল্যাণ উপকমিটির সম্পাদক মো. রাসেল পারভেজ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত পদক্ষেপের তথ্যজানা যায়নি।
মন্তব্য করুন