তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়ায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বাদাঘাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শক, খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কালাম আজাদ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তারা ভবিষ্যতে বৃহত্তর পর্যায়ে খেলার সুযোগ পাবে।
আয়োজকেরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন