কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, মারধর এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অধ্যক্ষ নুরুল আমিন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন ২০২৬) সকালে প্রতিদিনের মতো তিনি খারাংখালীস্থ এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ব্যবহৃত গাড়ির গতিরোধ করে।
ভুক্তভোগীর অভিযোগ, দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। অপহরণে ব্যর্থ হয়ে তারা দা, কিরিচসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং মারধর করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মাস্টার নুরুল আমিন।
এ বিষয়ে ভুক্তভোগী নুরুল আমিন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন