
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া সারা রাত বাড়িতে অবস্থান করার পর বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা এম জি সম্রাট বলেন, একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শিপু মিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন