সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর পূর্বপাড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর ২০২৬ বিকেলে ওই কিশোরীকে ডেকে আলমের দোকানে নিয়ে যান অভিযুক্ত সিরাজ মিয়া। পরে সেখান থেকে নিজের বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শাহেদের পরিবারের সদস্যরা তাদের ঘর থেকে বের হতে দেখেন বলে জানা গেছে।
পরবর্তী সময়ে এক নারী ওই কিশোরীকে জিজ্ঞাসা করলে সে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে জানায়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়।
ঘটনার পর স্থানীয়ভাবে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। তবে কিশোরীর চাচা এরশাদ মিয়া জানান, অভিযুক্ত বিয়ে করতে রাজি না হওয়ায় তারা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামি সিরাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ভুক্তভোগী কিশোরীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন