ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। গ্রেপ্তার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের উদ্দেশ্যে এক মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার প্রিভেল ইসলাম শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন