তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সিভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে দুটি স্টিলবডি আটক করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাহিরপুর থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে অংশ নেয়।
অভিযানকালে যাদুকাটা নদীতে সিভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে দুটি স্টিলবডি আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার রাত ৮টার দিকে ‘AC Land Tahirpur’ নামের ফেসবুকের অফিসিয়াল আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলন বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় পরিবেশ, নদীর স্বাভাবিক প্রবাহ এবং নদীতীর রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন