ফয়সাল আজম অপু, সিনিয়র রিপোর্টার।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসির অভিযানে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মোঃ সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন সহুবুল ইসলাম। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সহুবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে উদ্ধার করা হেরোইনসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন