দিরাই প্রতিনিধি: হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্দ্ধনপুর মৌজায় ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি ও সরকারি খাসজমি নিয়ে বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছে। ৪ একরের বেশি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামবাসীর ব্যবহৃত চারণভূমিসহ ওয়াক্ফ ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল এবং বিক্রির চেষ্টা চলছে। অন্যদিকে, অপর পক্ষের দাবি, সরকারি জমি দখলের অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সামাজিকভাবে হেয় ও হয়রানি করার উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হচ্ছে।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী দিরাই থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদনে অভিযোগ করেন, উর্দ্ধনপুর মৌজার ১৮ নম্বর জে.এল.ভুক্ত ১০৩ নম্বর খতিয়ানের ৮/৩৩২ নম্বর দাগে ১ দশমিক ৪০ একর চারা শ্রেণির জমি ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। দীর্ঘদিন ধরে গনকা ও উর্দ্ধনপুর গ্রামের মানুষ ওই জমি গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গবাদিপশু চরাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তাদের।
গ্রামবাসীর অভিযোগ, ওয়াক্ফ এস্টেটের ওই ১ দশমিক ৪০ একর জমির মধ্যে ০.৯৬ একর জমি নোটারি পাবলিকের মাধ্যমে রেশমা আক্তার নামে এক নারীর কাছে বিক্রি করা হয়েছে। তাদের দাবি, বিক্রেতাদের ওই সম্পত্তি হস্তান্তরের বৈধ মালিকানা নেই। তবে রেশমা আক্তার সরল বিশ্বাসে জমিটি কিনেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। গ্রামবাসীর প্রশ্ন, জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহার ও ওয়াক্ফ সম্পত্তির আইনগত অবস্থান উপেক্ষা করে কীভাবে এমন লেনদেনের ঘটনা ঘটল?
এ ছাড়া একই মৌজার সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ৭ ও ৮ নম্বর দাগে কবরস্থান ও লায়েক পতিত শ্রেণির মোট ৩ দশমিক ২২ একর জমি নিয়েও দখলের অভিযোগ তুলেছেন তারা। এসব জমির প্রকৃত অবস্থা যাচাই, সরকারি ও ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অন্যদিকে, এসব অভিযোগের বিপরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ১৮ নভেম্বর ২০২৬ তারিখে পৃথক আবেদন করেছেন আশরাফ আহমদ, মাওলানা আবুল কাশেম, বাবলু মিয়া, আলী হায়দার ও মাসুক আহমদ চৌধুরী। আবেদনে তারা দাবি করেন, সরকারি জমি ভোগদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে প্রতিপক্ষের লোকজনই সরকারি জমি ভোগদখল করছেন বলে তাদের অভিযোগ। এ ধরনের অভিযোগের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে তারা বিষয়টি সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় প্রতিকার দাবি করেছেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উর্দ্ধনপুর মৌজার জমি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ওয়াক্ফ এস্টেটের ১.৪০ একর জমির মালিকানা ও কথিত হস্তান্তরের বৈধতা, সরকারি খাস খতিয়ানের ৩.২২ একর জমির প্রকৃত দখল এবং দীর্ঘদিনের চারণভূমি ও কবরস্থানের ব্যবহার-সবকিছুই এখন তদন্তের দাবি রাখে।
এলাকাবাসীর স্বার্থ, সরকারি সম্পত্তি এবং ওয়াক্ফ এস্টেটের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট ভূমি অফিসের রেকর্ডপত্র যাচাই, ওয়াক্ফ প্রশাসনের নথি পর্যালোচনা এবং সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা পরিষ্কার করার দাবি উঠেছে। একই সঙ্গে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য ও জমির বৈধ কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এখন দেখার বিষয়, প্রশাসনের তদন্তে জমির প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি কীভাবে উঠে আসে এবং জনস্বার্থসংশ্লিষ্ট এসব সম্পত্তি রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়।
মন্তব্য করুন