
বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ধুনট সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মালোপাড়া গ্রামের চন্দ্র হাওয়ালদারের সঙ্গে একই গ্রামের সনাতন হাওয়ালদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন চন্দ্র হাওয়ালদারের স্ত্রী ছবি রানী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় এর প্রতিবাদ করলে ছবি রানীকে মারধর করা হয়। মাকে রক্ষা করতে ছেলে সয়ন বাবু হাওয়ালদার এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় চন্দ্র হাওয়ালদার ও তাঁর ভাগিনা সুজন হাওয়ালদারও আহত হন।
আহতদের মধ্যে ছবি রানী ও সয়ন বাবুর মাথায় রক্তাক্ত জখম হয়েছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা গ্রহণ করেন।
চন্দ্র হাওয়ালদারের অভিযোগ, সনাতন হাওয়ালদার, তাঁর দুই ছেলে বিশ্বনাথ ও বিল্টু হাওয়ালদার এবং জামাতা অনিমেষ এ ঘটনার সঙ্গে জড়িত। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সনাতন হাওয়ালদার।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন