নওগাঁ প্রতিনিধি: আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলা উপজেলার ৯ নম্বর ঘোষনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরহট্টী গ্রামে দুলাল হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বসতঘর, নগদ টাকা, পাসপোর্টসহ বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দুলাল হোসেনের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরটি গ্রাস করে। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, দুলাল হোসেনের ছেলে রবিউল ইসলামের শিগগিরই প্রবাসে যাওয়ার কথা ছিল। বিদেশে যাওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডে তাঁর পাসপোর্টসহ বিদেশ গমনের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতিমূলক ফাইল পুড়ে যাওয়ায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ ছাড়া ঘরে রাখা নগদ ৭০ হাজার টাকাও আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে পরিবারটি। সব মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বসতঘরের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ছেলের প্রবাসে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতিতে বড় ধরনের বাধা সৃষ্টি হওয়ায় পরিবারটির সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন