শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সাধেরখলা হাজী মোহাম্মদ আবু জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এডহক কমিটির সভাপতি শাহা-আলম, সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোর্শেদ, শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক জামাল উদ্দিন এবং অভিভাবক সদস্য আব্দুল হককে সংবর্ধনা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অভিভাবক সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন শুধু শিক্ষকের দায়িত্ব নয়, এটি বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব। প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষা পায়, বিদ্যালয়ের পরিবেশ থাকে পরিচ্ছন্ন এবং শিক্ষকরা যথাসময়ে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করেন—এ বিষয়ে সবাইকে আরও আন্তরিক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।”
এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তাঁর প্রত্যাশা—শিক্ষার পরিবেশ হবে মানসম্মত, বিদ্যালয় হবে পরিচ্ছন্ন এবং প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে উঠবে সুশিক্ষার আলোয়।
সভাপতির বক্তব্যে এডহক কমিটির সভাপতি শাহা-আলম শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সময়ানুবর্তিতা, নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষকদের উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তদারকির জন্য শিক্ষক ও কমিটির সদস্যদের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। সরকারের নীতিমালা অনুসরণ করে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, দুপুরের খাবার বিদ্যালয়ে টিফিন বক্সে করে নিয়ে আসতে হবে, যাতে খাবারের অজুহাতে শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত থাকার কোনো সুযোগ না থাকে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও জবাবদিহি অত্যন্ত জরুরি। শিক্ষকরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান—দুটিই উন্নত হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দীগলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিএনপি নেতা হান্নান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছান আলী, ফারুক আহমেদ, এডহক কমিটির সদস্য আব্দুল হক, মাটিকাটা রহমানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মনোয়ার হোসেন, চিকিৎসক আব্দুর রহিম পিন্টু, স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক চিকিৎসক মনোয়ার হোসেন এবং পুরানখালাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসির।
গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার গাজী, সাহাব উদ্দিন, ইউপি সদস্য আবু মিয়া, আতিকুর রহমান সরকার, আইজুদ্দিন, আব্দুর রশিদ (কালা), মুসলিম উদ্দিন, সাফিল মিয়া, সিরাজ মিয়া, বাবলু মিয়া, কামাল হোসেন কাদরী, ইউনুছ আলী প্রমুখ।
মন্তব্য করুন