চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার
ফয়সাল আজম অপু,
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সোমবার (১৯ অক্টোবর) তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
পরিদর্শনকালে ডিআইজি ও পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডিআইজি মো. আশিক সাঈদ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের আশ্বস্ত করে জানান, জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পূজামণ্ডপগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
তিনি দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমানসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা পুলিশের এ ধরনের তৎপরতায় শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তাব্যবস্থা আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন