
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হেকিম।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি বাদাঘাট সর্বজনীন পূজামণ্ডপ, গড়কাটি উত্তর ও গড়কাটি দক্ষিণ সর্বজনীন পূজামণ্ডপসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে পূজার আয়োজন, নিরাপত্তাব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনের একপর্যায়ে গড়কাটি উত্তর সর্বজনীন পূজামণ্ডপের আয়োজকদের উদ্দেশে তিনি মণ্ডপের উন্নয়ন ও পূজার আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে ৫ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন।
এ সময় মোঃ আব্দুল হেকিম বলেন, শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫ নম্বর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আব্দুল হেকিমের এই পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তাঁর শুভেচ্ছা বিনিময় হয়।
মন্তব্য করুন