শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়িয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের আট কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় দুটি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও একটি পূজামণ্ডপ। এসব মণ্ডপে পূজারিরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপকেন্দ্রিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, সন্দেহজনক তৎপরতা শনাক্ত এবং গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে ৫৯ বিজিবি।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য ৫৯ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে মহানন্দা ব্যাটালিয়ন সব সময় সবার পাশে রয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন