আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবান্বিত করেছেন তরুণ বডিবিল্ডার তাইহান তাবাসসির সোয়াদ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘FIF World Imperial Cup 2026’ আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি। তাঁর এই সাফল্য বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।
রোববার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ‘Festival Arts Theatre, Our Tampines Hub’-এ ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF)-এর উদ্যোগে এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাইহান সোয়াদ।
প্রতিযোগিতায় নিজের দক্ষতা, শারীরিক গঠন ও কঠোর পরিশ্রমের স্বাক্ষর রেখে তিনটি বিভাগে পদক অর্জন করেন তিনি। তাঁর অর্জনগুলো হলো—প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে স্বর্ণপদক, নভিস বডিবিল্ডিং বিভাগে ব্রোঞ্জপদক এবং নভিস ক্লাসিক ফিজিক বিভাগে ব্রোঞ্জপদক। প্রতিটি অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে সনদও প্রদান করা হয়।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ‘মি. এশিয়া’ শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাও তাঁর ক্রীড়াজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের বাইরে এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জনের মধ্য দিয়ে তাইহান সোয়াদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকে তুলে ধরেছেন।
বডিবিল্ডিংয়ে এ সাফল্যের পাশাপাশি তাইহান সোয়াদ সামাজিক সংগঠন HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
তাইহান সোয়াদের পরিবার সূত্রে জানা যায়, আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জন করায় পরিবারের সদস্যরা আনন্দিত। একই সঙ্গে তাঁর আগামী দিনের পথচলা, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।
কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান তুলে ধরেছেন তাইহান সোয়াদ। তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে শরীরচর্চা, সুস্থ জীবনযাপন এবং ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে—এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।
মন্তব্য করুন