রিয়াদ হোসেন,মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার সংবাদ আসে।
খবর পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন নদীতে অভিযান পরিচালনা করেন ডুবুরিরা।
এরপর আজ ২৮ নভেম্বর সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা পুনরায় উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত মো. আলমগীর হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। তাঁর বয়স ছিল ৪৬ বছর।
উদ্ধার কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনগণ ও সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করেন।
মন্তব্য করুন