হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে কাঠবোঝাই নৌকায় স্ত্রী ও দুই বছরের শিশুসন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে জেলেদের পেতে রাখা জালে নৌকাসহ আটকা পড়ে পানিতে ডুবে আব্দুল আজিজ (নাম উল্লেখিত) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তাঁর স্ত্রী ও দুই বছরের শিশুসন্তান।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রিয়াজুল ইসলামের ইটভাটা সংলগ্ন কাকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর রাত সাড়ে ৮টার দিকে জেলেদের জালের ভেতর থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী কাজল ও দুই বছরের শিশুপুত্র আবিরকে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের প্রচেষ্টায় তাঁরা সুস্থ হয়ে ওঠেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ছোট একটি ডিঙি নৌকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে উত্তর শ্রীপুর ঘোষখালী গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত শেষে নৌকায় কাঠ বোঝাই করে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে কাকশিয়ালী নদীপথে বাড়ি ফিরছিলেন তিনি। পথে রিয়াজুল ইসলামের ইটভাটার কাছাকাছি পৌঁছালে রাত আনুমানিক ৭টার দিকে তাঁদের নৌকাটি নদীতে জেলেদের পেতে রাখা জালের মধ্যে আটকে যায়। একপর্যায়ে নৌকাসহ তাঁরা পানিতে ডুবে যান।
তাঁদের চিৎকার শুনে ইটভাটার শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় জালের ভেতর থেকে স্ত্রী ও শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুশান্তের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে জালের ভেতর থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়। স্ত্রী ও সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি।
মন্তব্য করুন