
পুলিশের কাছ থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাসে টাকা গ্রহণের দাবি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল মিয়ার বিরুদ্ধে এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। থানা পুলিশ থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মোঃ আছাহাব (৫৪) নামে এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে আছাহাবকে মাদকদ্রব্য-সংক্রান্ত ঘটনায় আটক করে তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন। সাজা শেষে বাড়িতে ফিরে তিনি স্ত্রীর কাছ থেকে জানতে পারেন, তাঁকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ইউপি সদস্য জামাল মিয়া ৪৫ হাজার টাকা নিয়েছেন।
অভিযোগে বলা হয়, আছাহাবের স্ত্রী নারকিছ বেগম কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে জামাল মিয়াকে ওই টাকা দেন। পরবর্তী সময়ে আছাহাব টাকা ফেরত চাইলে জামাল মিয়া তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং আরও টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আছাহাব তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ জামাল মিয়ার বলেন টাকা নেওয়ার বিষয়টি সম্পুর্ণ মিথ্যা, আমি কারো কাছ থেকে টাকা নেইনি।।
মন্তব্য করুন