প্রতিপাদ্য: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’
তনয় কান্তি পিন্টু, হাওর অঞ্চল প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এতে বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী, স্থানীয় তরুণ-তরুণী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মবিন হায়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, জাতীয় যুব কাউন্সিলের সম্মানিত সদস্য ফারুক আহমেদ, উদীয়মান যুব সংগঠনের সভাপতি মো. শাহাদত হোসেন, যুব নারী ও আত্মকর্মী সোনিয়া আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মী আমিনুল ইসলাম এবং প্রশিক্ষিত যুব নারী রাখি দেবসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর বিকল্প নেই। যুবসমাজকে শুধু প্রচলিত চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের আধুনিক জ্ঞান, কারিগরি শিক্ষা ও আত্মনির্ভরশীলতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব।
আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও উদ্যোক্তাদের মধ্যে যুবঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন