মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি।
বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।
মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতাধীন ‘মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র’ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ২০১৮ সালেই স্বীকৃতিপ্রাপ্ত।
জানা যায়, গতকাল রবিবার (১ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুরের বিলপাড়-ডুয়াইগাঁওয়ে বাজিতপুর-কিশোরগঞ্জ সড়কের পাশে দৃষ্টিনন্দন পরিবেশে অবস্হিত এ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নাসরুল আনোয়ারের কাছে এ দায়িত্বভার অর্পণ করা হয়।
এ সময় মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন, লেখক ও প্রতিবন্ধিতা বিষয়ে গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া, মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার অর্পণ করেন। প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শিক্ষক-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্র জানায়, মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র কিশোরগঞ্জ জেলায় বিশেষায়িত শাখায় ২০১৮ সালেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। ২০২৩ সালে বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার লাভ করে। একইভাবে ২০২৪ সালেও সাভারের বিকেএসপি’র মাঠে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এর শিক্ষার্থীরা পুরস্কার পায়। এছাড়া বিগত প্রায় এক দশকে এ শিক্ষালয়ের প্রায় ২০জন শিক্ষার্থী মূলধারার স্কুলে শিক্ষালাভ এবং আরো প্রায় ৩০জন শিক্ষার্থী কর্মসংস্থানের সুযোগ পায়।
নবনির্বাচিত সভাপতি নাসরুল আনোয়ার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশেষ কোনো দায়িত্ব ছাড়াই প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের কাজে এতোদিন নিয়োজিত রেখেছি। আজকে নতুন পাওয়া দায়িত্ব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনবার কাজে নিবিড় থাকবার বাসনা নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিলো’।
মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসনের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা বলেন, ‘আমাদের এ প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, ইন্দ্রিয় ও বুদ্ধিগত বিকাশে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, উপকরণ এবং চাহিদাভিত্তিক থেরাপি প্রভৃতি সেবা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মক্ষম করে মূলধারায় অন্তর্ভুক্তিকরণে কাজ করছে। নাসরুল আনোয়ার ভাই এসব কাজে নিরলসভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দায়িত্বশীলতা তাঁকে প্রতিষ্ঠানের সভাপতি করতে আমাদের অনুপ্রাণিত করেছে’।
মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন, লেখক ও প্রতিবন্ধিতা বিষয়ে গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে জনাব নাসরুল আনোয়ার সরাসরি সম্পৃক্ত রয়েছেন এবং প্রতিবন্ধীবান্ধব সাংবাদিকতায় তিনি পুরস্কার পেয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় অবদান বিবেচনা করেই তাঁকে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার সভাপতি নির্বাচিত করা হয়েছে’।
উল্লেখ্য যে, বৃহত্তর ময়মনসিংহের সুপ্রাচীন পৌরশহর কিশোরগঞ্জের বাজিতপুরের বসন্তপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক এ, কে, মতিউল ইসলাম ভূঁইয়ার সন্তান নাসরুল আনোয়ার জাতীয় একটি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।
মন্তব্য করুন