শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের যৌথ অভিযানে ওয়াসিম মাদবর (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে ওয়াসিম মাদবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম শরীয়তপুর জেলার জাজিরা থানার ছাব্বিশপাড়া এলাকার নূরুল ইসলাম মাদবরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট শরীয়তপুরের জাজিরা থানার চর ধুপুড়িয়া চরকান্দি এলাকায় বাদী মো. দিবর সরদারের বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে প্রবেশ করে। এ সময় তারা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
পরে বাদীর বাবা আব্দুল মান্নান সরদারকে লাথি, কিল-ঘুষিসহ মারধর করে হত্যার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে জাজিরার টিএন্ডটি মোড়ের আগে আব্দুল মান্নান সরদারের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. দিবর সরদার বাদী হয়ে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়াসিম মাদবর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন