
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে গুহায় মাটি চাপা পড়ে ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ১০ থেকে ১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল বিজিবির নজর এড়িয়ে চারাগাঁও সীমান্তের লালঘাট-বাঁশতলা এলাকা দিয়ে ছোট সুড়ঙ্গপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতের গারো পাহাড় এলাকার একটি কয়লার গুহায় গিয়ে কয়লা সংগ্রহ শুরু করেন।
সকাল আনুমানিক ৯টার দিকে কয়লার বস্তা নিয়ে গুহা থেকে বের হওয়ার সময় হঠাৎ গুহার ওপরের মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও ইউনুস আলীকে উদ্ধার করতে পারেননি।
পরে শ্রমিকরা ঘটনাটি ইউনুস আলীর পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুহার ভেতর থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সীমান্তের ওপারে একটি প্রভাবশালী চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে স্থানীয় হতদরিদ্র শ্রমজীবী মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঝুঁকিপূর্ণভাবে ভারতের কয়লার গুহায় পাঠিয়ে আসছে। তাদের দাবি, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে শ্রমিকদের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা নতুন নয়।
এদিকে, চোরাই কয়লা উত্তোলন ও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সীমান্তবর্তী দরিদ্র শ্রমজীবী মানুষকে অবৈধ কয়লা উত্তোলনের কাজে না জড়াতে সচেতনতা বাড়ানোরও দাবি উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন