মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আগামী ১৯ মে ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শ্রেণিভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে “আমার প্রিয় বিদ্যালয়”। ৪র্থ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে “খেলাধূলায় বাড়ে বল; মাদক ছেড়ে খেলতে চল” বিষয়ে। এছাড়া ৮ম থেকে ১০ম শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় “মাদক থেকে দূরে থাকি; আমার জীবন আমি গড়ি”। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য রাখা হয়েছে উন্মুক্ত বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপকহারে অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন