সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র বারিক্কা টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি চান্দের গাড়ি খাদে পড়ে গেছে। এ ঘটনায় গাড়িতে থাকা ৯ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বারিক্কা টিলায় ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সঙ্গে থাকা এক পর্যটকের সূত্রে জানা যায়, আহতসহ গাড়িতে থাকা সবাই নেত্রকোনা জেলা থেকে তাহিরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছিলেন। বারিক্কা টিলায় ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটির মালিক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বরুঙ্গাছড়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে সাইদুল। গাড়ির চালক হিসেবে একই এলাকার বড়ছড়া বালুরচর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে মনির মিয়ার পরিচয় পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, মনির মিয়া পার্শ্ববর্তী লাকমা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
এ ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ।
মন্তব্য করুন