আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাহিরপুর উপজেলার সাংবাদিক, যুবদল কর্মী, স্কুলশিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ী এমনকি পবিত্র ওমরাহ পালনে মক্কায় অবস্থানরত ব্যক্তিসহ অন্তত ২৩ জনকে আসামি করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, মিছিলের সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন বলে জানা যায়। এ ঘটনায় সোমবার (৩১ আগস্ট) মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পরে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির ডিজিটাল প্রতিনিধি শওকত হাসান সৈকত, কামড়াবন্দ গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে বাদাঘাট বাজারের মোবাইল ব্যবসায়ী ও যুবদল কর্মী রাসেল আহমদ, দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে কাদের পাশা, বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের বাসিন্দা উপজেলা মাদক নির্মূল কমিটির সভাপতি সাজ্জাদ, উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের বশির মিয়ার ছেলে কলাগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাবের আহমদ জাবেদ এবং তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা ও সিলেটের একটি এনজিওতে কর্মরত রাজন চন্দ-এর নাম রয়েছে।

এ ছাড়া বাদাঘাট ইউনিয়নের পৈলনপুর গ্রামের আজহারুল ইসলাম সোহাগ, হাসান মিয়া, ইকবাল, ফারুক, বিপ্লব হাসান ইমন, জুয়েল আখুঞ্জি, শাহিন মিয়া, জিয়া উদ্দিন, সাজিদ মিয়া, আঙ্গুর মিয়া, শাখাওয়াত হোসেন শিপন, মিয়া হোসেন, সেলিম ভূঁইয়া, শাকিল আহমদ লিজান ও লিক্সন মিয়াসহ অন্তত ২৩ জন দাবি করেছেন, ঘটনার সময় তারা মিছিলস্থলে ছিলেন না।

 

মামলার আসামি তাহিরপুর উপজেলা মাদক নির্মূল কমিটির সভাপতি সাজ্জাদ বলেন, আমি মাদক ব্যবসায়ীদের ঘৃণ্য চক্রান্তের শিকার। মাদকের বিরুদ্ধে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার কারণে ক্ষমতার কাছাকাছি থাকা কিছু অসৎ লোক আমাকে এই মামলায় ফাঁসিয়েছে। তবে যতদিন বাঁচব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। এতে বিন্দুমাত্র পিছপা হব না।

 

বাদাঘাট বাজারের মোবাইল ব্যবসায়ী ও যুবদল কর্মী রাসেল আহমদ বলেন, আমি ব্যবসার পাশাপাশি যুবদলের সক্রিয় কর্মী। মামলায় আমার নাম কীভাবে এলো, আমি বুঝতে পারছি না। কারও ব্যক্তিগত আক্রোশের কারণে এমনটি করা হয়েছে বলে মনে হচ্ছে।

 

মামলার আসামি সাংবাদিক শওকত হাসান সৈকত বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলেও ছিলাম না। অন্য থানার একটি ঘটনায় আমাকে আসামি করা হয়েছে। আমাকে আসামি করার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না।

তিনি আরও বলেন, উপজেলায় সক্রিয়ভাবে সাংবাদিকতা করার কারণে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে আমাকে নিয়মিত সংবাদ করতে হয়। এ কারণে হয়তো আমার উপজেলার বিএনপির কিছু নেতার কাছে আমি বিরক্তির কারণ হয়ে থাকতে পারি। একটি মিথ্যা মামলার কারণে গত সাত দিন ধরে আমাকে ফেরারি জীবনযাপন করতে হচ্ছে।

 

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সৈকত আপাদমস্তক একজন সাংবাদিক। ঘটনার দিন সে নিজেও সংবাদ করেছে এবং সেদিন তাহিরপুরেই ছিল। তাহিরপুরে থেকে কীভাবে মধ্যনগরের মিছিলের মামলার আসামি হয়, সেটি বোধগম্য নয়। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং সৈকতসহ নির্দোষ ব্যক্তিদের যাতে কোনো ধরনের হয়রানি করা না হয়, সে দাবি জানাচ্ছি।

 

এদিকে তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন এক ফেসবুক পোস্টে দাবি করেন, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গ্রেপ্তার ও কারাবরণের ঝুঁকি জেনেই মিছিলে অংশ নিয়েছিলেন। কিন্তু মামলায় এমন কিছু ব্যক্তিকে আসামি করা হয়েছে, যাদের কেউ রাজনীতিতে নিষ্ক্রিয়, কেউ সাংবাদিক, আবার কেউ পবিত্র মক্কায় অবস্থান করছিলেন কিংবা মিছিলের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না।

 

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, যারা মিছিল করেছে, তাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের রেখে নিরপরাধদের মামলার আসামি করা হয়েছে, এটা দুঃখজনক। মূলত ব্যক্তি আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য এমনটা করা হয়েছে।

 

তবে আসামিদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে মামলার বাদী শাহাজাহান মিয়া বলেন, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সমন্বয় করে আসামিদের তালিকা থানায় দিয়েছেন। এতে আমি বাদী হয়েছি।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় সংঘটিত মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা যথাযথভাবে যাচাই না করে কিংবা ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান বিবেচনায় না নিয়ে মামলা করা হয়েছে। এতে প্রকৃত জড়িতদের পাশাপাশি নিরপরাধ ব্যক্তিরাও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, মামলার বাদী পুলিশ নয়, অন্য একজন। পুলিশ মামলাটি তদন্ত করবে। তদন্তে কারও বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া গেলে পরবর্তীতে তার নাম বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১০

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

১১

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

১২

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

১৩

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

১৫

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

১৬

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৭

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

১৯

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০