
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে তৃণমূলের ত্যাগী, নির্যাতিত ও দুর্দিনের কর্মীকে প্রার্থী করার দাবি জানিয়েছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মালু মিয়া।
তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে যে আলোচনা রয়েছে, সেখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
মোঃ মালু মিয়া বলেন, “আমরা যতটুকু জেনেছি, আসন্ন স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হবে। তাহিরপুর উপজেলা বিএনপির নীতিনির্ধারক যারা রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ—আমাদের প্রার্থী যেন দুর্দিনের কর্মী হন, কারা নির্যাতিত হন এবং দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, এমন ব্যক্তিকে প্রার্থী করা হয়। এটি তৃণমূলের দাবি।”
তিনি আরও বলেন, “আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একজন নির্যাতিত কর্মী হিসেবে এই দাবি জানাচ্ছি। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন, প্রার্থী বাছাইয়ের সময় তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”
মালু মিয়া তার বক্তব্যের সঙ্গে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতামতও জানতে চেয়েছেন। তিনি বলেন, “আমার এই কথার সঙ্গে কে কে একমত—তৃণমূলের নেতাকর্মীরা তাদের মতামত জানাবেন। আমরা চাই, যোগ্যতা, ত্যাগ, জনপ্রিয়তা ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হোক।”
উত্তর বড়দল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মালু মিয়ার এমন বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় রাজনৈতিক মহল।
মোঃ মালু মিয়া
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী
৩ নম্বর ওয়ার্ড, উত্তর বড়দল ইউনিয়ন
তাহিরপুর, সুনামগঞ্জ
মন্তব্য করুন