সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। সভা পরিচালনা করেন অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মো. আজমল হোসেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। এ সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যালয়মুখী শিক্ষা কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি এবং সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান উপস্থিত সদস্যরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করেন।
সভা শেষে দোয়ারাবাজারকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন