ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
বাদাঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে রমজানকে সামনে রেখে গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। ভোক্তাদের দাবি, সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের আগে বাদাঘাট বাজারে যে গ্যাস সিলিন্ডার ১,৩৫০ থেকে ১,৪০০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ১,৭০০ থেকে ১,৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। একই চিত্র দেখা গেছে বড়ছড়া বাংলা বাজার-এ, যেখানে সিলিন্ডার ১,৬০০ থেকে ২,২০০ টাকায় বিক্রি হচ্ছে। একতাবাজার-এ মূল্য ১,৯০০ থেকে ২,২০০ টাকা পর্যন্ত উঠেছে। জনতা বাজার, লাউয়েরঘর বাজার ও শ্রীপুর বাজারসহ উপজেলার প্রায় সবকটি বাজারেই একই অবস্থা বিরাজ করছে।
একাধিক ভোক্তা অভিযোগ করে জানান, রমজানের পূর্বে যেখানে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৩০০ থেকে ১,৪০০ টাকা, বর্তমানে তা ১,৬০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শুধু গ্যাস সিলিন্ডার নয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও ঊর্ধ্বমুখী। তাদের দাবি, বাজার মনিটরিং ও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, বাদাঘাট বাজারে ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে সিআরবি তাহিরপুর উপজেলা শাখার, সভাপতি আবুল হোসেন বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। প্রশাসনের উচিত দ্রুত বাজার মনিটরিং জোরদার করা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সিআরবি, তাহিরপুর উপজেলা শাখার, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী মোঃ আব্দুল মান্নান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা জরুরি। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। আমরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যাতে কোনো অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য প্রতিটি বাজারে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা জরুরি। ভোক্তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। গত মাস জানুয়ারি ২০২৬-এ এ দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫০ টাকা, যেখানে গত মাসে বৃদ্ধি পেয়েছিল ৫৩ টাকা। সরকারি নির্ধারিত দামের তুলনায় বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ নিয়েই ভোক্তাদের ক্ষোভ আরও বাড়ছে।