ই-পেপার/প্রিন্ট ভিউ
সুনামগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০১ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর থানা-অধীন জগাইরগাঁও গ্রামে গ্রেফতারকৃত আসামি মোঃ ইকবাল হোসেন (৪০)-এর পশ্চিম দুয়ারি টিনের বেড়া ও টিনের ছাউনিযুক্ত দুই কক্ষবিশিষ্ট বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেন (৪০) মৃত মক্তাছীর আলীর ছেলে। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা জগাইরগাঁও, ওয়ার্ড নং-০৩, ইউপি- গৌরারং, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ। একই মামলায় মোঃ আব্দুল আহাদ (৫৪), পিতা- মৃত নুরুজ আলী, সাং- জগাইগাঁও, ওয়ার্ড নং-০৩, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১৯(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত মামলাটি দায়ের করা হয়েছে সুনামগঞ্জ সদর থানায়। মামলার বাদী উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবুল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।